বিএমইউতে ‘ভোল পাল্টে’ পদোন্নতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপ-রেজিস্ট্রার মারুফ হোসেনের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ রাত · ৮


বিএমইউতে ‘ভোল পাল্টে’ পদোন্নতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপ-রেজিস্ট্রার মারুফ হোসেনের বিরুদ্ধে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিগত সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে পদোন্নতি বাগিয়ে নেওয়া এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মো. মারুফ হোসেন, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শাখার উপ-রেজিস্ট্রার এবং প্রো-উপাচার্যের (একাডেমিক) একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র ও ভুক্তভোগী কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের আমলে মারুফ হোসেন সেকশন অফিসার হিসেবে কর্মরত থাকাকালে নিজেকে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ও ছাত্রলীগ-যুবলীগের প্রভাবশালী মহলের লোক হিসেবে পরিচয় দিতেন। এমনকি তৎকালীন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের সময়ে তিনি অতি উৎসাহী হয়ে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন এবং নিয়মিত টুঙ্গিপাড়ায় যাতায়াত করতেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া, কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রভাব বিস্তার এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চান্দিনা আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টিও বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচিত। অভিযোগ উঠেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের পূর্বের রাজনৈতিক পরিচয় আড়াল করে তিনি ভোল পাল্টে ফেলেন। বর্তমানে নিজেকে বিএনপিপন্থী হিসেবে দাবি করে প্রশাসনিক প্রভাব খাটিয়ে তিনি সেকশন অফিসার থেকে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি নিয়েছেন। এখানেই শেষ নয়, বর্তমানে তিনি ‘অতিরিক্ত রেজিস্ট্রার’ পদে পদোন্নতি পাওয়ার জন্য জোর তদবির ও আবেদন করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, পদ পরিবর্তনের পরও মারুফ হোসেনের আচরণ ও কার্যকলাপে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের মতোই তিনি সহকর্মী ও সাধারণ কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেন। এছাড়া, দাপ্তরিক কাজে অহেতুক ফাইল আটকে রাখা এবং আর্থিক লেনদেন ছাড়া ফাইল ছাড় না দেওয়ার মতো গুরুতর অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের অংশীজনদের দাবি, বিগত সময়ের সুবিধাভোগী ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এমন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা এবং পুনরায় পদোন্নতি দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ব্যাহত হবে। তারা অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।








